শীতকালে অতিরিক্ত গরম জলে স্নান করলে চুলের কী ক্ষতি হয়?

শীতকালে অতিরিক্ত গরম জলে স্নান করলে চুলের কী ক্ষতি হয়?

শীতের মরসুমে আরাম পেতে অনেকেই গিজারের অতিরিক্ত গরম জল ব্যবহার করে স্নান করেন। তবে চিকিৎসকদের মতে, এই অভ্যাস চুল ও ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। আমাদের মাথার ত্বকে প্রাকৃতিক তেল বা সেবাম থাকে, যা ত্বককে আর্দ্র রাখে। অতিরিক্ত গরম জল এই প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে, ফলে মাথার ত্বক শুষ্ক হয়ে যায় এবং চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ে।

মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে খুশকি, চুলকানি এবং অস্বস্তির সমস্যা প্রকট হতে পারে। খুশকির সমস্যার সঙ্গে ম্যালাসেজ়িয়া গ্লোবোসা নামক এক ধরনের ইস্টের যোগ রয়েছে, যা মাথার ত্বকের পরিবেশ পরিবর্তিত হলে সক্রিয় হয়ে ওঠে। এছাড়া বারবার চুলকানোর ফলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে এবং চুল ভেঙে যাওয়ার প্রবণতাও বৃদ্ধি পায়। শুধু মাথার ত্বক নয়, শরীরের ত্বকের স্বাভাবিক আর্দ্রতাও গরম জলের কারণে কমে যেতে পারে, যার ফলে ত্বক টানটান ও খসখসে হয়ে যায়।

শীতকালে স্নানের জন্য খুব বেশি গরম জল ব্যবহার না করে ঈষদুষ্ণ জল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে আরাম পাওয়ার পাশাপাশি ত্বক ও চুলের আর্দ্রতা বজায় থাকে। এছাড়া চুলের ধরন অনুযায়ী সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করে মাথার ত্বক পরিষ্কার রাখা জরুরি। শীতের আরামে গা ভাসিয়ে অতিরিক্ত গরম জলের ব্যবহার এড়িয়ে চলাই চুলের সুস্বাস্থ্যের জন্য শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *