বালুরঘাটে বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলা, ভাঙচুর গাড়ি ও আসবাবপত্র

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মালঞ্চা শঙ্করপুর এলাকায় শুক্রবার দুপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালিয়েছে। অভিযোগ, লাঠি ও লোহার রড হাতে ২০-২৫ জনের একটি দল রাহুল চৌধুরী ও তাঁর দিদির বাড়িতে চড়াও হয়। এই হামলায় বাড়ির আসবাবপত্র, দরজা-জানলা এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর আক্রান্তের পরিবারের পক্ষ থেকে তৃণমূল নেতা অশোককৃষ্ণ কুজুর-সহ মোট নয়জনের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। বালুরঘাটের খানপুর এলাকায় একটি মদের দোকানের কর্মীদের মারধর করতে দেখে প্রতিবাদ করেছিলেন রাহুল চৌধুরী ও তাঁর বন্ধুরা। সেই সময় মদ্যপ ব্যক্তিদের সঙ্গে তাঁদের বচসা ও হাতাহাতি হয়। রাহুলের অভিযোগ, প্রতিবাদ করার জেরেই তাঁকে হুমকি দেওয়া হয়েছিল এবং শুক্রবার দুপুরে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা থাকলেও তার আগেই এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ সুপার অভিষেক গুপ্তা জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা অশোককৃষ্ণ কুজুর। তিনি দাবি করেছেন, বৃহস্পতিবার রাতে যাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে, তাঁদের মারধর করা হয়েছিল এবং এই ঘটনার সঙ্গে তাঁর কোনো যোগ নেই। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
