দুধ ও কলা একসঙ্গে খাওয়া কি স্বাস্থ্যকর? কী বলছে আয়ুর্বেদ ও বিজ্ঞান

দুধ ও কলা একসঙ্গে খাওয়া নিয়ে আয়ুর্বেদ ও আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, এই দুটি খাবার ভিন্ন প্রকৃতির হওয়ায় এদের একসঙ্গে গ্রহণ করাকে ‘বিরুদ্ধ আহার’ বা ইনকম্প্যাটিবল ফুড হিসেবে গণ্য করা হয়। বিশেষজ্ঞদের মতে, এই দুই খাবার একসঙ্গে খেলে পরিপাকতন্ত্রের ওপর বাড়তি চাপ পড়ে, যা হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে। দীর্ঘমেয়াদে এই অভ্যাস বদহজম, গ্যাস বা পেট ভারী হওয়ার মতো সমস্যার কারণ হতে পারে। এছাড়া শরীরে টক্সিন তৈরি হওয়া এবং কফ বা মিউকাসের পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।
অন্যদিকে, আধুনিক পুষ্টিবিজ্ঞানের মতে কলা ও দুধ উভয়ই অত্যন্ত পুষ্টিকর। কলায় রয়েছে ফাইবার, পটাশিয়াম ও ভিটামিন বি সিক্স, আর দুধে থাকে প্রোটিন ও ক্যালসিয়াম। যারা নিয়মিত কঠোর শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করেন, তাদের জন্য এই সংমিশ্রণ শক্তি জোগাতে সহায়ক হতে পারে। তবে যাদের হজমশক্তি দুর্বল বা যারা অলস জীবনযাপন করেন, তাদের ক্ষেত্রে এটি পেটে অস্বস্তি বা ঝিমুনি ভাব তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ হলো, দুটি খাবার একসঙ্গে চটকে বা শেক বানিয়ে খাওয়ার চেয়ে আলাদাভাবে গ্রহণ করা বেশি নিরাপদ। কলা খাওয়ার অন্তত ২০ মিনিট পর দুধ পান করলে শরীর সঠিক পুষ্টি পায় এবং পরিপাকতন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে না। যদি নিয়মিত এই খাবার খাওয়ার অভ্যাস থাকে এবং কোনো শারীরিক সমস্যা না হয়, তবে পরিমিত পরিমাণে তা গ্রহণ করা যেতে পারে। তবে শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলাই বুদ্ধিমানের কাজ।
