প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার

প্রেসিডেন্সি সংশোধনাগারের ৪৪ নম্বর ওয়ার্ডের পাশের একটি সংকীর্ণ গলি থেকে মহম্মদ আলি (৪৪) নামে এক বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা মহম্মদ আলি দীর্ঘদিন ধরেই সংশোধনাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার নিয়মমাফিক বন্দিদের গণনা করার সময় তাঁর খোঁজ না মেলায় তল্লাশি শুরু হয়। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বন্দির মাথার পিছনে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মহম্মদ আলির বিরুদ্ধে এন্টালি ও শিয়ালদহ জিআরপিতে মাদক পাচারসহ একাধিক মামলা বিচারাধীন ছিল। এই ঘটনার তদন্তে নেমেছে হেস্টিংস থানার পুলিশ। পাশাপাশি লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। বন্দির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্য কোনো বন্দির সঙ্গে তাঁর সংঘর্ষ হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সংশোধনাগার কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিশ্চিত হতে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *