হাসিনার বার্তার পর দেশে ফিরছেন বহু আওয়ামী লীগ নেতা

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার বার্তার পর ভারতে আশ্রয় নেওয়া বহু আওয়ামী লীগ নেতা এখন নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। মালদহের মহদিপুর স্থলবন্দর দিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন নেতা ও কর্মী বাংলাদেশে ফিরে গেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান জানিয়েছেন, গত দুই মাস তিনি বেঙ্গালুরু ও হায়দরাবাদে ছিলেন। নেত্রীর বার্তার পর তিনি এখন দেশে ফিরছেন। তাঁর দাবি, তাঁর মতো আরও অনেক নেতা ও কর্মী এখন বাংলাদেশে ফেরার উদ্যোগ নিচ্ছেন। তাদের প্রত্যাশা, শেখ হাসিনা দেশে ফিরলে তাদের পরিস্থিতির উন্নতি হবে।
অন্যদিকে, বাংলাদেশের বর্তমান অস্থিরতার প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। ওপারে পণ্য নিয়ে যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন এপারের ট্রাকচালক ও খালাসিরা। বাংলাদেশ থেকে ভারতে আসা নাগরিকদের একাংশ শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চাইলেও, অন্য একটি অংশ মনে করছে যে, যে সরকারই ক্ষমতায় আসুক, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করাই হোক তাদের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে, রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ঘরে ফেরার তৎপরতা শুরু হয়েছে আওয়ামী লীগ নেতাদের মধ্যে।
