CID জেরায় মেজাজ হারালেন অভিষেক! সাড়ে ৫ ঘণ্টা পর মিলল ফের সমন, যেতে হবে ইডি দফতরেও – এবেলা

CID জেরায় মেজাজ হারালেন অভিষেক! সাড়ে ৫ ঘণ্টা পর মিলল ফের সমন, যেতে হবে ইডি দফতরেও – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: সই জালিয়াতি মামলায় সিআইডি (CID)-র ম্যারাথন জেরার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভবানী ভবনে টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ডায়মন্ড হারবারের সাংসদকে। তবে সিআইডি সূত্রে খবর, দীর্ঘ এই জেরা পর্বে একাধিক প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি এবং এক সময় বেশ মেজাজও হারান। অভিষেকের জবাবে গোয়েন্দারা সন্তুষ্ট না হওয়ায় আগামী রবিবার, ১৪ জুন দুপুর ১২টার মধ্যে তাঁকে ফের ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক, কিন্তু আদালত তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছান তিনি। বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে এই হাইভোল্টেজ জেরা।

সিআইডি সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদ চলাকালীন দলের বিধায়কদের ‘রেজোলিউশন বুক’ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হলে অভিষেক তা সুকৌশলে এড়িয়ে যান। সন্তোষজনক উত্তর না মেলাতেই তাঁকে ফের তলব করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা। ভবানী ভবন থেকে বেরিয়েই অভিষেক সোজা চলে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে।

এদিকে রবিবারের সিআইডি হাজিরার ঠিক পরের দিনই, অর্থাৎ ১৫ জুন নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পর পর দু’দিন রাজ্য ও কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থার জোড়া ফলার মুখে পড়তে চলেছেন তৃণমূলের এই শীর্ষ নেতা। রাজনৈতিক মহলের মতে, একদিকে দলের অন্দরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের তীব্র আক্রমণ এবং অন্যদিকে তদন্তকারী সংস্থাগুলোর এই সাঁড়াশি চাপ—সব মিলিয়ে বেশ অস্বস্তিতে তৃণমূলের ‘যুবরাজ’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *