অবৈধ পার্কিং ও ফুটপাত দখল বরদাস্ত নয়, কঠোর বার্তার পর কড়া পদক্ষেপের হুশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের! – এবেলা

অবৈধ পার্কিং ও ফুটপাত দখল বরদাস্ত নয়, কঠোর বার্তার পর কড়া পদক্ষেপের হুশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য সরকারের মুখোমুখি কর্মসূচিতে সাধারণ মানুষের কাছ থেকে জমা পড়া অভিযোগের ভিত্তিতে বড় পদক্ষেপের বার্তা দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই কর্মসূচিতে জমা পড়া প্রায় ৪০টি অভিযোগের সিংহভাগই ছিল অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত। সাধারণ মানুষের এই সমস্ত অভিযোগ শুনে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলের বিরুদ্ধে প্রশাসন কোনও অবস্থাতেই আপোস করবে না। সাধারণ মানুষের উদ্দেশে তাঁর সাফ বার্তা, কেউ যদি ফুটপাত দখল করে গাড়ি রাখার কথা ভাবেন, তবে সেই ধারণা সম্পূর্ণ ভুল। সবাইকে অবিলম্বে আইন মেনে চলার এবং নিজেদের অভ্যাসে বদল আনার তাগিদ দেন তিনি। তবে আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আপাতত পুজো পর্যন্ত হকারদের বিরুদ্ধে কোনও উচ্ছেদ অভিযান চালানো হবে না বলেও তিনি জানান।

অন্যদিকে, শুক্রবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে কড়া প্রতিক্রিয়া দেন অগ্নিমিত্রা পাল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলায় যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যই ‘গুন্ডা দমন আইন’ আনা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্র আন্দোলন প্রসঙ্গে মন্ত্রীর মন্তব্য, একটি রাজনৈতিক দলের মদতে কিছু ক্ষেত্রে দেশবিরোধী স্লোগান ও বক্তব্য সামনে আসছে। ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনের অধিকারকে সরকার সম্পূর্ণ সম্মান করলেও, রাজনৈতিক মদতপুষ্ট কোনও দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

পাশাপাশি, বাম দলগুলিকেও নিশানা করেন অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, বামেরা যদি সত্যিই সাংবাদিকদের নিগ্রহের ঘটনা সমর্থন না করে থাকে, তবে তাদের কর্মসূচিতে এমন ঘটনা ঘটার অর্থ তাদের সম্পূর্ণ সাংগঠনিক ব্যর্থতা। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বামপন্থীরা রাজনৈতিকভাবে আরও কোণঠাসা ও দুর্বল হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *