কপিলের জোকসে নাকি হাসিই পায় না! অর্চনাকে নিয়ে বিস্ফোরক সময় রায়না – এবেলা

এবেলা ডেস্কঃ
পর্দায় কপিল শর্মার কৌতুক শুনে অর্চনা পুরণ সিংয়ের প্রাণখোলা হাসি দর্শকদের অত্যন্ত পরিচিত। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে অর্চনা দাবি করেছেন, ক্যামেরার সামনে প্রতিটি জোকে সবসময় স্বাভাবিকভাবে হাসা মোটেও সহজ কাজ নয়। ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শো-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সময়ের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। শোয়ের সঞ্চালক সময় রায়না এই কথার সূত্র ধরে অর্চনার বিখ্যাত হাসির ভঙ্গি নকল করে মজা করেন। তিনি প্রশ্ন করেন, কপিল শর্মার জোকসে হাসা কি সত্যিই এত কঠিন? উত্তরে অর্চনা প্রথমে “হ্যাঁ” বলে ফেললেও পরে নিজের ভুল বুঝতে পেরে সামলে নেন। অর্চনার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে কপিলের শোয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করা অর্চনার এই রসবোধপূর্ণ স্বীকারোক্তি দর্শকদের মাঝে নতুন করে কৌতূহল তৈরি করেছে। কপিলের সঙ্গে তাঁর এই বন্ধুত্বপূর্ণ খুনসুটি শোয়ের মূল আকর্ষণগুলোর একটি।
