মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩ আশঙ্কা, ভোটের আগে কেন সতর্ক তৃণমূল?

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ছয় দিন আগে কলকাতার বিভিন্ন স্থানে আয়কর দপ্তরের তল্লাশি অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার তৃণমূল নেতা দেবাশিস কুমারের বাড়ি ও তাঁর নির্বাচনী কার্যালয়সহ একাধিক জায়গায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। কোচবিহারের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই তল্লাশিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও দলীয় নেতাদের কোণঠাসা করার চেষ্টা বলে অভিহিত করেছেন।
নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় সংস্থাগুলোর ভূমিকা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইভিএম ও ভিভিপ্যাট যন্ত্রে কারচুপি, ভোটগ্রহণের দিন যন্ত্র বিকল হলে চিপ পরিবর্তনের মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা এবং ভোট গণনার সময় কৌশল অবলম্বনের আশঙ্কা প্রকাশ করেছেন। এসব বিষয়ে দলীয় কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া বা জনমত সমীক্ষায় বিভ্রান্ত না হয়ে সরাসরি মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের পরামর্শ দিয়েছেন।
