মুখের দুর্গন্ধের কারণে মণীষা কৈরালার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি, পুরনো কিস্সা ফাঁস করলেন ববি দেওল – এবেলা

মুখের দুর্গন্ধের কারণে মণীষা কৈরালার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি, পুরনো কিস্সা ফাঁস করলেন ববি দেওল – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড অভিনেতা ববি দেওলের ক্যারিয়ার একসময় খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল। মূল চরিত্রের অভিনেতা হিসেবে নব্বইয়ের দশকে পথ চলা শুরু করলেও দীর্ঘ সময় প্রথম সারিতে জায়গা করে নিতে পারেননি তিনি। তবে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে ওটিটি প্ল্যাটফর্মের ‘আশ্রম’ ওয়েব সিরিজ এবং রূপালী পর্দায় ‘অ্যানিম্যাল’ ছবির আকাশছোঁয়া সাফল্যের পর ববির এক নতুন জন্ম হয়েছে। মাচো পার্সোনালিটি এবং মাসকুলার বডি দিয়ে তিনি নতুন প্রজন্মের দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তাঁর আসন্ন ছবি ‘বন্দর’-এর মুক্তির আগে এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের একাধিক বিস্ফোরক তথ্য শেয়ার করেছেন এই অভিনেতা।

সহ-অভিনেত্রীদের নিয়ে অজানা তথ্য

সাক্ষাৎকারে ববি তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের সহ-অভিনেত্রীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং খুনসুটির কথা তুলে ধরেন। ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী মণীষা কৈরালার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করার গুঞ্জন নিয়ে জানতে চাওয়া হলে ববি অকপটে স্বীকার করেন যে, মণীষার মুখ থেকে দুর্গন্ধ বের হওয়ার কারণেই তিনি সেই দৃশ্যে অভিনয় করতে চাননি।

শুধু মণীষা নন, টুইঙ্কল খান্না ও রানি মুখোপাধ্যায়কে নিয়েও নানা অজানা গল্প শুনিয়েছেন ববি। তিনি জানান, ছোটবেলা থেকেই টুইঙ্কলের পেটের সমস্যা থাকায় তা নিয়ে তিনি প্রায়ই ইয়ার্কি মারতেন, যা শুনে টুইঙ্কল রেগে যেতেন। অন্যদিকে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে তিনি ‘দেড় ফুটিয়া’ বলে ডাকতেন। এমনকি একটি গানের শুটিং চলাকালীন জলের ওপর ভেলায় থাকার সময় রানির সঙ্গে তাঁর চরম ঝগড়া বেঁধে গিয়েছিল।

ক্যারিয়ারের উত্থান-পতন ও সালমান খানের ভূমিকা

ববি দেওলের ক্যারিয়ারের এই ঘুরে দাঁড়ানোর পেছনে বলিউড সুপারস্টার সালমান খানের একটি বড় অবদান রয়েছে। ববি জানান, ‘রেস থ্রি’ ছবির আগে তাঁর ক্যারিয়ারের গ্রাফ বেশ নিচের দিকে ছিল। সেই দুঃসময়ে সালমান খান তাঁকে নতুন লুকে পর্দায় আসার পরামর্শ দেন এবং ছবিতে কাজের সুযোগ করে দেন। ববির মতে, সালমান অত্যন্ত বড় মনের মানুষ এবং এই ছবির মাধ্যমেই বহু নতুন দর্শক তাঁকে নতুন করে চিনতে শুরু করেন। ববির বাবা ধর্মেন্দ্রও মনে করতেন যে, সালমানের স্বভাব-চরিত্র অনেকটাই তাঁর মতো। আগামী ৫ জুন মুক্তি পেতে চলেছে ববি দেওলের নতুন ছবি ‘বন্দর’, যা নিয়ে এখন দর্শকমহলে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *