রক্ষকই ভক্ষক! সাপুরজির আবাসনে মহিলা পরিচারিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফেঁসে গেলেন খোদ পুলিশকর্মী! – এবেলা

রক্ষকই ভক্ষক! সাপুরজির আবাসনে মহিলা পরিচারিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফেঁসে গেলেন খোদ পুলিশকর্মী! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউটাউনের সাপুরজির সুখবৃষ্টি আবাসনে সাতসকালে মহিলা পরিচারিকাকে শ্লীলতাহানি ও জোর করে ফ্ল্যাটে টেনে নিয়ে যাওয়ার চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে ছ’টা নাগাদ এই ঘটনা ঘটে। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই মহিলা আবাসনে কাজে আসার সময় অভিযুক্ত ব্যক্তি তাঁর হাত ধরে টানাটানি শুরু করে এবং টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। মহিলাটি পালিয়ে বাঁচার চেষ্টা করলেও তাঁর পিছু ধাওয়া করা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে তিনি রক্ষা পান এবং চরম আতঙ্কে বাড়ি ফিরে যান।

পরে স্বামীর সঙ্গে আলোচনা করে ওই মহিলা টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের চন্দনেশ্বর থানার কনস্টেবল। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্ত কনস্টেবলকে নোটিস পাঠানো হয়েছে এবং থানায় তলব করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। লালবাজারও পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *