গরমের দাপট কাটিয়ে টানা বৃষ্টির পূর্বাভাস, তিলোত্তমা কি ভিজবে আগামী ৩ দিনে?
/indian-express-bangla/media/media_files/2024/11/09/PZVRfACMX9lNFHYCuGps.jpg)
রাজ্যজুড়ে কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা ও বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে সাময়িকভাবে গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে এবং আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। ১৭ ও ১৮ এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলায় মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ১৮ এপ্রিল জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৯ এপ্রিল থেকে পুনরায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতার কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় পর্যটকদের বিশেষ সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
