টানা তৃতীয়বার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, অভিনন্দনে ভাসলেন মোদি-খাড়গে!

টানা তৃতীয়বারের মতো রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক ও রাজনীতিক হরিবংশ নারায়ণ সিং। শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই পদে পুনর্নির্বাচিত হন। গত ৯ এপ্রিল তাঁর দ্বিতীয় মেয়াদের মেয়াদকাল পূর্ণ হওয়ার পর পদটি শূন্য ছিল। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সংসদীয় দলনেতা জেপি নাড্ডার প্রস্তাব অনুযায়ী, সর্বসম্মতভাবে তাঁকে এই গুরুদায়িত্বে নির্বাচন করা হয়েছে। রাজ্যসভার ইতিহাসে তিনি প্রথম মনোনীত সদস্য, যিনি এই উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছেন।
হরিবংশ নারায়ণ সিংয়ের এই পুনর্নির্বাচনকে সংসদের প্রতি সদস্যদের গভীর আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিগত দিনে তাঁর নিরপেক্ষতা ও ভারসাম্য বজায় রেখে সভা পরিচালনার প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজনীতিক ও বিশ্লেষকদের প্রত্যাশা, শাসক ও বিরোধী উভয় পক্ষের সমর্থন পাওয়ায় নতুন মেয়াদেও তিনি সংসদীয় রীতি ও মর্যাদা সমুন্নত রেখে উচ্চকক্ষের কার্যপ্রণালীতে ইতিবাচক ছন্দ বজায় রাখবেন।
