বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুন: ঘটনার দুই মাসের মধ্যেই আদালতে ৭০২ পাতার চার্জশিট পেশ পুলিশের – এবেলা

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুন: ঘটনার দুই মাসের মধ্যেই আদালতে ৭০২ পাতার চার্জশিট পেশ পুলিশের – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মাত্র দুই মাসের মধ্যে আদালতে ৭০২ পাতার চার্জশিট জমা দিল পুলিশ। গত ৪ জুলাই বারুইপুরের সূর্যপুর এলাকা থেকে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায় এবং ৫ জুলাই বিকেলে স্থানীয় একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এই নৃশংস ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক ভাবে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে।

তদন্তে নেমে পুলিশ মোট চার জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। বারুইপুরের বিশেষ পকসো আদালতে জমা দেওয়া এই চার্জশিটে চার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর অপহরণ (১৩৭(২) ধারা), অবৈধ বন্দি রাখা (১৪০(৩) ধারা), নাবালিকা ধর্ষণ (৬৫(১) ধারা), গণধর্ষণ (৭০(২) ধারা), হত্যা (১০৩(১) ধারা), প্রমাণ লোপাট (২৩৮ ধারা) এবং অপরাধমূলক ষড়যন্ত্রের (৬১ ধারা) পাশাপাশি পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতের নিয়ম মেনে নির্যাতিতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়েছে।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে প্রভাস মণ্ডল নামের এক জন গত ৮ জুলাই রাতে ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশের দাবি, সে আচমকা এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *