ভয়াবহ পরিণতি! অন্ডালে লিভ-ইন সঙ্গীকে কুপিয়ে খুন মাংস বিক্রেতা প্রেমিকের! – এবেলা

এবেলা ডেস্কঃ
বুধবার গভীর রাতে অন্ডালের উখড়ায় যুগলের মধ্যে বচসাকে কেন্দ্র করে এক মর্মান্তিক খুনের ঘটনা ঘটে। ৪৬ বছর বয়সি চান্দা সিং ও মাংস বিক্রেতা প্রেম মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্ক ছিল। বুধবার রাতে তাঁদের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময়ই ধারালো অস্ত্র দিয়ে চান্দার গলায় কোপ মারে অভিযুক্ত প্রেমিক। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়, যা ঘিরে বৃহস্পতিবার সকালে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত তৎপরতা চালায়। পুলিশ অভিযুক্ত প্রেম মণ্ডলকে গ্রেপ্তার করেছে এবং উখরা বাজারের তাঁদের যৌথ মাংসের দোকান ও আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। সম্পর্কে অন্য কারও উপস্থিতি বা পূর্ব কোনো বিরোধ এর নেপথ্যে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে পুলিশ।
