ভোটের দুপুরে রক্ত ঝরল বাংলায়, রণক্ষেত্র বুথ চত্বর!

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চবিদ্যালয়ে বৃহস্পতিবার পোস্টাল ব্যালটে ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভোটার ও ভোটকর্মীদের একাংশের অভিযোগ, ভোটগ্রহণের কাজে ব্যবহৃত ব্যালট বাক্সগুলোতে কোনো তালা, সিল বা গালার চিহ্ন ছিল না। এছাড়া বুথের ভেতরে অবাধে মোবাইল ফোনের ব্যবহার এবং গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে স্কুল চত্বরে চরম উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার আইসি, ডিএসপি ও বিশাল কেন্দ্রীয় বাহিনী।
ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বিজেপির প্রার্থী বিদ্যুৎকুমার রায় তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ আনেন, অন্যদিকে তৃণমূলের শহর সহ-সভাপতি সুরজিৎ সাহার পাল্টা দাবি, বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে প্রহসন করছে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী স্কুল চত্বর থেকে বহিরাগতদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এই ঘটনার পর থেকে বালুরঘাটের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
