রাজ্য সরকারি কর্মীদের কোয়ার্টারে এবার স্মার্ট মিটার বাধ্যতামূলক! বড় নির্দেশিকা জারি নবান্নের – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: দেশের বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ এবং লোকসান রুখতে এবার বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মী সহ সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের সরকারি আবাসনে (কোয়ার্টারে) এবার ডোমেস্টিক স্মার্ট ইলেকট্রিক মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে। গত ১০ জুন ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের কার্যালয় থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে।
কাদের আবাসে বসবে এই মিটার?
নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী— সমস্ত রাজ্য সরকারি কর্মী, আধা-সরকারি (parastatal) সংস্থা, রাজ্যের রাষ্ট্রায়ত্ত সংস্থা (State PSU), কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের আবাসনে এই স্মার্ট মিটার বসানো হবে, যাঁদের বেতন বা পারিশ্রমিক সরাসরি রাজ্যের রাজকোষ থেকে দেওয়া হয়। এই বিষয়ে সমস্ত বিভাগীয় প্রধান, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং সমস্ত জেলা শাসকদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম দফায় কোন কোন এলাকা?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কো ম্পা নি (WBSEDCL) তাদের মোট ৫৫৪টি কাস্টমার কেয়ার সেন্টারের মধ্যে প্রাথমিকভাবে ১০৩টি কেন্দ্রকে এই কাজের জন্য বেছে নিয়েছে। এই নির্দিষ্ট এলাকাগুলিতে বিদ্যুৎ বণ্টনে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি, যা রাজ্যের রাজকোষের ওপর বাড়তি আর্থিক বোঝা তৈরি করছে। প্রথম দফার কাজ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে বাকি এলাকাগুলিতেও স্মার্ট মিটার বসানো হবে।
বিলিং পদ্ধতিতে কী বদল আসছে?
গ্রাহকদের আশ্বস্ত করে জানানো হয়েছে যে, এই স্মার্ট মিটারগুলি প্রাথমিকভাবে বর্তমান ব্যবস্থার মতোই পোস্ট-পেইড (post-paid) থাকবে এবং বিলিং পদ্ধতিতেও কোনও বদল আসবে না। তবে মিটার বসানোর কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর, কোনও গ্রাহক যদি চান, তবে তিনি নিজে থেকে প্রি-পেইড (pre-paid) ব্যবস্থার বিকল্প বেছে নিতে পারবেন।
বিদ্যুৎ দপ্তরের এই মেগা প্রজেক্ট যাতে নির্বিঘ্নে শেষ হয়, তার জন্য মিটার বসানোর সময় সমস্ত সরকারি কর্মচারীদের সম্পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন মুখ্য সচিব।
