লোকসভায় ৮৫০ আসন? অমিত শাহের মন্তব্যে তোলপাড় দেশ!

লোকসভার বর্তমান ৫৪৩টি আসন বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বা মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময় তিনি জানান, ২০১১ সালের আদমশুমারির ভিত্তিতে এই সীমানা পুনর্বিন্যাস করা হবে। শাহের দাবি, এই পরিবর্তনের ফলে কোনো রাজ্যই তার গুরুত্ব হারাবে না; বরং তামিলনাড়ুতে ২০টি, অন্ধ্রপ্রদেশে ১৩টি, কেরালায় ১০টি, তেলেঙ্গানায় ৯টি এবং মহারাষ্ট্রে ২৪টি আসন বৃদ্ধি পাবে।
তবে এই বিলটি সংবিধান সংশোধনী হিসেবে পাস করানোর জন্য সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন বর্তমান এনডিএ সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জ। লোকসভার ক্ষেত্রে ৩৬২টি ভোটের বিপরীতে সরকারপক্ষের কাছে রয়েছে ২৯৩টি এবং রাজ্যসভার ক্ষেত্রে ১৬৩টির বিপরীতে ১৪২টি আসন। বিরোধী দলগুলো মহিলা সংরক্ষণের পক্ষে থাকলেও সীমানা পুনর্বিন্যাসের সঙ্গে এই বিলকে যুক্ত করার বিরোধিতা করছে এবং এটিকে ২০২৯ সালের নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তোলার কৌশল হিসেবে আখ্যা দিয়েছে। বিরোধী জোটের সমর্থন ছাড়া সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
