অনুপ্রবেশ রুখতে হিমন্তর নজিরবিহীন পদক্ষেপ! আসামে ১৮ পেরোলেই আধার কার্ডের নিয়মে বিরাট বদল – এবেলা

এবেলা ডেস্কঃ
গুয়াহাটি: অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবার এক নজিরবিহীন ও অত্যন্ত কড়া পদক্ষেপ নিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ভারতের যেকোনো নাগরিকের জন্য এই কার্ড তৈরির সাধারণ যে নিয়ম রয়েছে, আসামের ক্ষেত্রে তা আমূল বদলে ফেলার ঘোষণা করলেন তিনি। নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছর পেরিয়ে গেলে আর চাইলেই সহজে এই পরিচয়পত্রের জন্য আবেদন করা যাবে না।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এবার থেকে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি নতুন করে আবেদন করলে তা সরাসরি গ্রহণ করা হবে না। সংশ্লিষ্ট জেলার জেলাশাসক (DM) প্রথমে পুরো বিষয়টি খতিয়ে দেখবেন এবং রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠাবেন। রাজ্য প্রশাসন সেই প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ, এখন থেকে আসামে এই পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে শেষ কথা বলবে রাজ্য প্রশাসনই।
তফসিলি ও চা বাগান কর্মীদের জন্য বিশেষ ছাড়:
তবে রাজ্যের এই কঠোর নিয়মে কিছু ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST) এবং চা বাগান এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে রাজ্য মন্ত্রিসভা। এই তিন শ্রেণির মানুষ আগামী মার্চ, ২০২৭ সাল পর্যন্ত আগের নিয়ম মেনেই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
কেন এই কঠোর সিদ্ধান্ত?
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে কিছু অবৈধ অনুপ্রবেশকারী ভুয়ো ও অসত্য তথ্য দিয়ে ভারতীয় পরিচয়পত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই রাস্তা চিরতরে বন্ধ করতেই এই নতুন ব্যবস্থা। তিনি আরও জানান, রাজ্যের অনেক জেলায় ইতিমধ্যে ১০০ শতাংশ মানুষের এই কার্ড তৈরি হয়ে গিয়েছে, আবার কোথাও কোথাও এই সংখ্যা ১০০ শতাংশের গণ্ডিও পার করেছে। এই পরিস্থিতিতে কোনো অনুপ্রবেশকারী যাতে এই কার্ডের অপব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়মের জেরে বৈধ নাগরিকদেরও ১৮ বছর পেরিয়ে গেলে নতুন কার্ড তৈরি বা সংশোধনের ক্ষেত্রে বেশ কিছু আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
