অ্যাপ ক্যাবে আগাম ‘টিপস’ জমানার অবসান, বুকিংয়ে চালকদের মনোপলি রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রের – এবেলা

এবেলা ডেস্কঃ
অ্যাপ ক্যাবে বুকিং নিশ্চিত করতে বা দ্রুত গাড়ি পেতে যাত্রীদের বাড়তি ‘টিপস’ দেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল, তা বন্ধ করতে এবার কঠোর অবস্থান নিল কেন্দ্র। এখন থেকে রাইড চলাকালীন বা বুকিংয়ের সময় অ্যাপ ক্যাব সংস্থাগুলি কোনোভাবেই বাড়তি টাকা বা টিপসের অপশন দেখাতে পারবে না। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক সমস্ত অ্যাপ ক্যাব সংস্থাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০২৫ সালের মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর গাইডলাইন্স মেনে অ্যাপের মধ্যে প্রয়োজনীয় বদল আনতে হবে।
বর্তমানে বুকিংয়ের সময় বাড়তি টাকা অফার করলে চালকরা দ্রুত রাইড স্বীকার করেন—এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল। এতে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হচ্ছিলেন। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, যাত্রীরা চালকদের টিপস দিতে পারবেন, তবে তা শুধুমাত্র যাত্রা সম্পূর্ণ শেষ হওয়ার পর এবং সম্পূর্ণ স্বেচ্ছায়। এছাড়া এই টিপসের পুরো টাকাটাই পাবেন চালক; ক্যাব সংস্থা সেখান থেকে কোনো কমিশন কাটতে পারবে না। ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষের আগের সতর্কবার্তাকে উপেক্ষা করায় এবার নির্দেশ অমান্যকারী সংস্থাগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে কেন্দ্র।
