আধার-ভোটারের পর বাতিল পাসপোর্টও! নাগরিকত্বের আসল প্রমাণ তবে কী? – এবেলা

আধার-ভোটারের পর বাতিল পাসপোর্টও! নাগরিকত্বের আসল প্রমাণ তবে কী? – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: আধার বা ভোটার আইডি কার্ড যে নাগরিকত্বের প্রমাণ নয়, তা আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে সাধারণ মানুষের ধারণা ছিল, খোদ সরকারের দেওয়া পাসপোর্টই হয়তো এদেশে নাগরিকত্বের সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু এবার সেই ধারণাতেও জল ঢালল কেন্দ্র।

কী জানিয়েছে বিদেশ মন্ত্রক?

বুধবার ১৪তম ‘পাসপোর্ট সেবা দিবস’ উপলক্ষে একটি বিশেষ বিবৃতি জারি করেছে বিদেশ মন্ত্রক (MEA)। আর সেখানেই মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে যে, পাসপোর্ট কোনওভাবেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত বা অকাট্য নথি নয়। এটি মূলত আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে সরকারের জারি করা একটি ‘ট্রাভেল ডকুমেন্ট’ বা ‘ভ্রমণ সংক্রান্ত পরিচয়পত্র’ মাত্র।

তৈরি হচ্ছে চরম ধন্দ:

বিদেশ মন্ত্রকের এই ‘স্পষ্টীকরণ’ আমজনতার মনে আরও অস্পষ্টতা ও বিভ্রান্তি তৈরি করেছে। ওয়াকিবহাল মহলের মতে, এই পুরো বিষয়টিতে এক অদ্ভুত বৈপরীত্য রয়েছে। কারণ, নিয়ম অনুযায়ী ভারতের পাসপোর্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই দেওয়া হয়। এদেশে দ্বৈত নাগরিকত্বের কোনও সুযোগ নেই; অর্থাৎ, অন্য কোনও দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ভারতীয় পাসপোর্ট অবিলম্বে ফেরত দিতে হয়। এত কড়াকড়ির পরেও কেন পাসপোর্টকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা হবে না, তা নিয়ে অনেকেই বিস্মিত।

তাহলে আসল প্রমাণ কোনটি?

এর আগে শীর্ষ আদালত এক মামলার শুনানিতে স্পষ্ট করে দিয়েছিল যে, আধার কার্ড কেবল একটি সরকারি পরিচয়পত্র। একইভাবে ভোটার কার্ডও মূলত পরিচয়, বাসস্থান ও ভোটাধিকার প্রয়োগের একটি দলিল মাত্র। এগুলো নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হতে পারে না। এবার সেই একই তালিকায় যুক্ত হলো পাসপোর্টও।

ফলে স্বাভাবিকভাবেই দেশজুড়ে সাধারণ মানুষের মনে একটিই বড় প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে— তা হলে ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রামাণ্য নথি আসলে কোনটি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *