আপনার কুকুর কেন হাই তোলে? পোষ্যর এই আচরণের নেপথ্যে লুকিয়ে আছে বড় রহস্য!

সাধারণত কুকুর হাই তুললে আমরা মনে করি সে ক্লান্ত বা তার ঘুম পেয়েছে, কিন্তু নতুন গবেষণায় উঠে এসেছে যে এই আচরণের পেছনে ক্লান্তি ছাড়াও মানসিক চাপ, যোগাযোগ স্থাপন কিংবা সহমর্মিতার মতো একাধিক কারণ রয়েছে। পশু বিশেষজ্ঞদের মতে, নতুন পরিবেশ বা প্রশিক্ষণের সময় কুকুর নিজের অস্থিরতা কমাতে বা স্নায়ুর চাপ সামলাতে হাই তুলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, যা ‘সেলফ সুদিং মেকানিজম’ হিসেবে পরিচিত। এছাড়া সামাজিক উত্তেজনা প্রশমন, মালিকের প্রতি ভালোবাসা প্রদর্শন বা খুশির বহিঃপ্রকাশ হিসেবেও তারা হাই তুলতে পারে।
তবে ঘনঘন হাই তোলা সব সময় স্বাভাবিক নাও হতে পারে। যদি হাই তোলার পাশাপাশি কুকুর অনবরত পায়চারি করে, ঠোঁট চাটে কিংবা কান পেছনের দিকে নামিয়ে রাখে, তবে তা শারীরিক ব্যথা বা চরম মানসিক যন্ত্রণার ইঙ্গিত হতে পারে। এমন অস্বাভাবিক আচরণের ক্ষেত্রে কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
