আসন জটে আটকে উত্তরপ্রদেশের জোট! মাত্র ১৫ মিনিটেই শেষ সপা-কংগ্রেস বৈঠক

উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ও সমাজবাদী পার্টির (সপা) জোট ঘোষণা হলেও আসন ভাগাভাগি নিয়ে চরম জট তৈরি হয়েছে। সোমবার কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির বাসভবনে দুই দলের চার শীর্ষ নেতার বৈঠক মাত্র ১৫ মিনিটেই শেষ হয়। সূত্রের খবর, কংগ্রেস ১০০-র বেশি এবং প্রাথমিকভাবে ১৮১টি আসনের তালিকা পাঠালেও পাল্টা ৫৫টি আসনের প্রস্তাব দিয়েছে সপা। অখিলেশ যাদবের দলের স্পষ্ট বার্তা, আসন সংখ্যা নয়, প্রার্থীদের জয়ের সম্ভাবনা এবং গত দুই বিধানসভার ফলাফলের ভিত্তিতেই আসন বণ্টন হবে।
অন্যদিকে, হাত শিবিরের দাবি, দলিত, ব্রাহ্মণ ও সংখ্যালঘু ভোট টানতে হলে তাদের অন্তত ৬০টি ‘এ-গ্রেড’ আসন-সহ সম্মানজনক সংখ্যক আসন দিতে হবে। তবে বৈঠক শেষে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র জানান, আলোচনা ইতিবাচক হয়েছে এবং আগামী ২-৩ দিনের মধ্যেই আসন রফা চূড়ান্ত হবে। উল্লেখ্য, ২০১৭ সালে কংগ্রেস ১০৫টি আসনে লড়লেও গত বিধানসভায় মাত্র ২টি আসন পাওয়ায় সপা বাড়তি আসন ছাড়তে নারাজ। যদিও ২০২৪-এর লোকসভা নির্বাচনের সাফল্য ধরে রাখতে ২০২৭-এর বিধানসভায় কিছু আসনে সপা নেতারা কংগ্রেসের প্রতীকে লড়তে পারেন বলেও ইঙ্গিত মিলেছে।
