আহমেদাবাদের কনসার্টে ভক্তের চুমু, আজীবন ফ্রি টিকিটের ঘোষণা দিলজিতের

গত ২১ নভেম্বর গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর কনসার্ট অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে এক বিদেশি অনুরাগী আচমকাই মঞ্চে উঠে দিলজিৎকে জড়িয়ে ধরে গালে চুমু খান। গায়ক হাসিমুখে তা গ্রহণ করেন এবং অনুরাগিণীর সঙ্গে কথা বলেন। এই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।

একই অনুষ্ঠানে আরও এক অনুরাগিণীর প্রতি বিশেষ সৌজন্য দেখিয়েছেন দিলজিৎ। জানা যায়, ওই ভক্ত চলতি বছরে গায়কের ‘অরা ট্যুর’-এর সাতটি কনসার্টেই উপস্থিত ছিলেন। আহমেদাবাদের শো-তেও তাঁকে দেখে গায়ক খোঁজখবর নেন। ভক্তের এই ভালোবাসায় আপ্লুত হয়ে দিলজিৎ মঞ্চ থেকেই ঘোষণা করেন যে, ওই অনুরাগিণীকে আর কোনোদিন তাঁর কনসার্টের টিকিট কিনতে হবে না। যতদিন তিনি গান গাইবেন, ততদিন ওই ভক্ত বিনামূল্যে তাঁর সব অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন।

ইন্দোরের কনসার্টে নানা বিতর্ক ও বাধার সম্মুখীন হওয়ার পর আহমেদাবাদের এই শো ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপচে পড়া ভিড় ও বিপুল দর্শক সমাগম নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় স্টেডিয়ামের ছবি শেয়ার করে দিলজিৎ নিজেই জানিয়েছেন, আহমেদাবাদের এই কনসার্টে নতুন ইতিহাস তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *