সিডনিতে ভারতীয় পরিবারের ওপর ডিম হামলা, বর্ণবিদ্বেষের অভিযোগ

অস্ট্রেলিয়ার সিডনিতে এক ভারতীয় পরিবারের ওপর বর্ণবিদ্বেষমূলক হামলার অভিযোগ উঠেছে। রাস্তার পাশে ফুড ট্রাকের কাছে খাবার খাওয়ার সময় একটি চলন্ত ইউট ট্রাক থেকে তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
অঞ্জলি নামে এক প্রত্যক্ষদর্শী এই ঘটনার ভিডিও রেকর্ড করেন। তিনি জানান, পরিবারটি শান্তিপূর্ণভাবে সময় কাটাচ্ছিল। অঞ্জলি পুলিশকে বিষয়টি জানিয়েছেন, তবে কার্যকর পদক্ষেপের বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।
ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ ঘটনার নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন, এটি কি অস্ট্রেলিয়ার সংস্কৃতি? কেউ কেউ আবার প্রবাসী ভারতীয়দের নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন।
অস্ট্রেলিয়ায় ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন নয়। গত অক্টোবরে ব্রিসবেনে এক ভারতীয় পরিবারকে গালিগালাজ ও আবাসন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় হার্লি অ্যাডামস নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়। সিডনির এই ঘটনা ফের প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।
