ইরানে হামলা: নেতানিয়াহুকে সতর্ক করল আইডিএফ

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। গত সপ্তাহে এক গোপন বৈঠকে সামরিক কর্মকর্তারা জানান, ইরানের ওপর যেকোনো হামলা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।
গোয়েন্দা তথ্যানুযায়ী, এই ধরনের আক্রমণ লেবানন, সিরিয়া এবং গাজা উপত্যকা পর্যন্ত ছড়িয়ে একাধিক ফ্রন্টে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। নেতানিয়াহু এবং মোসাদ প্রাথমিকভাবে ধারণা করেছিল যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান তিন থেকে পাঁচ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব। তবে আইডিএফ-এর নতুন মূল্যায়ন এই প্রত্যাশার বিপরীত।
বিরোধী নেতা আভিগডর লিবারম্যান দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়াই নেতানিয়াহু একতরফাভাবে এই হামলা চালাতে পারেন। তার মতে, বর্তমান পরিস্থিতিতে এমন পদক্ষেপ অযৌক্তিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত ইরানের ওপর আঘাত হানার অনুরোধ জানিয়েছেন, যদিও ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত হওয়ার আশঙ্কায় নেতানিয়াহু দেশে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, ইসরায়েলের অস্তিত্বের এই হুমকি মোকাবিলায় একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জোট গঠন অপরিহার্য।
