উদ্বোধনের আগেই পুড়ে ছাই ৩০ লক্ষ টাকার প্যান্ডেল, মাথায় হাত উদ্যোক্তাদের!

এবেলা ডেস্কঃ
শর্ট সার্কিটে ভস্মীভূত যশোড়াকালি বাজারের সুদৃশ্য মণ্ডপ, পুজোর সিদ্ধান্তে অটল উদ্যোক্তারা
নিজস্ব প্রতিবেদক, পাঁশকুড়া: যশোড়াকালি বাজারের ঐতিহ্যবাহী ৫৯তম বর্ষের পুজো মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি সুদৃশ্য মণ্ডপটি কয়েক মিনিটের মধ্যেই পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। তবে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
পুজো কমিটি সূত্রে জানা গেছে, মণ্ডপ সজ্জায় তালপাতা, পুরুলির জালি, নিম কাঠ এবং কাঠের গুঁড়োর মতো অত্যন্ত দাহ্য সামগ্রী ব্যবহার করা হয়েছিল। ফলে আগুন লাগার পর তা মুহূর্তের মধ্যে গোটা মণ্ডপে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় মণ্ডপের ভেতরে বেশ কয়েকজন কর্মী ও সদস্য উপস্থিত থাকলেও, তাঁরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন।
দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের ধারণা, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। যদিও ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুর্ঘটনার খবর পেয়ে পাঁশকুড়া থানার আইসি, ট্র্যাফিক ওসি ও কোলাঘাটের ট্র্যাফিক ইন্সপেক্টরসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এত বড় ক্ষতির মুখে পড়েও পুজোর আয়োজন বন্ধ না করার সিদ্ধান্তে অটল উদ্যোক্তারা। পুজো কমিটির সদস্য গোপাল মাইতি জানান, মাত্র ১০ মিনিটের মধ্যে চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও, অদম্য মনোবলে ভর করে ছোট পরিসরে হলেও মা কালীর পুজো চালিয়ে যাবেন তাঁরা। নতুন করে কীভাবে পুজোর আয়োজন করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই জরুরি বৈঠকে বসেছেন কমিটির সদস্যরা।
