কালীপুজোর রাতে সরশুনায় গুলিবর্ষণ, আতঙ্কে কাঁপছে এলাকা!

এবেলা ডেস্কঃ
কালীপুজোর মণ্ডপে দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুলি চালনার অভিযোগে গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: সরশুনা এলাকায় কালীপুজোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত রাজ পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরগুনার রক্ষিতপাড়ায় পাশাপাশি দুটি কালীপুজো আয়োজন করা হয়। একটি পুজোর নেতৃত্বে রয়েছেন রাজ পাল এবং অন্যটির দায়িত্বে রয়েছেন দীনেশ শর্মা। নিজেদের পুজোকে জনপ্রিয় করে তুলতে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের রেষারেষি রয়েছে। পুজোর রাতে মদ্যপ অবস্থায় রাজ তার সঙ্গীদের নিয়ে দীনেশের মণ্ডপে গিয়ে উপস্থিত হয়। এরপর পুজো নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
অভিযোগ, বচসার মাঝেই রাজ তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে দুই রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে মণ্ডপে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়। ঘটনার আকস্মিকতায় দীনেশ শর্মা হকচকিয়ে যান। তড়িঘড়ি সরশুনা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ফাঁকা কার্তুজের খোল উদ্ধার করে।
ঘটনার রাতেই রাজ পালকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে গুলি চালানো ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। জেরায় ধৃত রাজ স্বীকার করেছে, দীনেশকে ভয় দেখাতেই সে গুলি চালিয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজের বিরুদ্ধে এর আগেও তোলাবাজি, মারপিট ও ভয় দেখানোর একাধিক অভিযোগ রয়েছে। ধৃতের থেকে আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল এবং এই ঘটনার নেপথ্যে অন্য কোনো বড় উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
