চিনের নতুন বাণিজ্যে সিঁদুরে মেঘ, ভারত কি এবার পারবে স্বনির্ভর হতে?

এবেলা ডেস্কঃ
আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনে জোর, ১০০টি পণ্যের স্বনির্ভরতায় বিশেষ পরিকল্পনা কেন্দ্রের
নিজস্ব প্রতিবেদন: ভারতের বাণিজ্য ঘাটতি নিয়ন্ত্রণ এবং শিল্পক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ ‘ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড’ (DPIIT) দেশের অন্দরেই ১০০টি গুরুত্বপূর্ণ মধ্যবর্তী এবং মূলধনী পণ্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রকগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, চিনের নতুন রফতানি নিয়ন্ত্রণ নীতির কারণে শিল্পক্ষেত্রে যন্ত্রপাতির খরচ ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিকল্প প্রযুক্তি ও সরবরাহের উৎসের অভাবে এই চ্যালেঞ্জ তৈরি হলেও, ভারত তা মোকাবিলার প্রস্তুতি নিয়েছে। এর উদাহরণ হিসেবে তামিলনাড়ুতে সুড়ঙ্গ খননকারী যন্ত্র বা টানেল বোরিং মেশিন তৈরির নতুন কারখানার কথা উল্লেখ করা যায়, যেখানে দ্রুত উৎপাদন শুরু হবে।
সৌরশক্তি খাতেও বড়সড় পরিবর্তনের পথে ভারত। বর্তমানে দেশের সৌর মডিউল তৈরির ক্ষমতা প্রায় ২৩৩ গিগাওয়াট হলেও, সেল তৈরির ক্ষমতা মাত্র ৩০ গিগাওয়াটের কাছাকাছি। এছাড়া ইনগট ও ওয়েফার উৎপাদনের সক্ষমতা মাত্র দুই গিগাওয়াট। এই বিশাল ব্যবধান ঘোচাতে সরকার উৎপাদন পরিকাঠামো শক্তিশালী করার পাশাপাশি সৌর মডিউল পুনর্ব্যবহারের (Recycling) নির্দেশিকা তৈরির কাজ শুরু করেছে।
পাশাপাশি, দেশের শিল্পখাতে অত্যন্ত প্রয়োজনীয় পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদনে জোর দেওয়া হয়েছে। বস্ত্র, ওষুধ ও সার শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত পিভিসি, পলিথিন, পলিপ্রপিলিন ও পলিস্টাইরিনের মতো পণ্যগুলির উৎপাদন ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও আদানির মুন্দ্রা পেট্রোকেমের মতো বৃহৎ শিল্পগোষ্ঠী।
উল্লেখ্য, চিন থেকে আমদানির পরিমাণ বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সূত্রে খবর, ‘আত্মনির্ভর ভারত’ নীতির অধীনে গৃহীত এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভারতের অর্থনীতিকে বাইরের বাজারের অস্থিরতা থেকে সুরক্ষা দেবে এবং শিল্পখাতের আমদানিনির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।
