‘জ্ঞানেশ কুমার জেলে যাবেন!’ রামলীলা ময়দানে রাহুলের তীব্র বোমা, পালটা তোপে বিঁধল বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের যৌথ মঞ্চ থেকে নির্বাচন কমিশন ও মোদি সরকারকে নজিরবিহীন আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ইভিএম কারচুপি এবং সাড়ে ১৩ কোটি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার গুরুতর অভিযোগ তুলে তিনি দাবি করেন, এই সরকার ‘বেআইনি’। সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে রাহুল হুঙ্কার দেন, “ভোটচুরি রাষ্ট্রদ্রোহিতার সামিল, জ্ঞানেশ কুমারকে ইস্তফা দিতেই হবে এবং তিনি জেলে যাবেন।”
রাহুলের এই চরম আক্রমণের জবাবে পালটা তীব্র তোপ দেগেছে গেরুয়া শিবির। বিজেপি সাংসদ সম্বিত পাত্র বিরোধীদের এই সমাবেশকে সম্পূর্ণ “সময় নষ্ট” বলে কটাক্ষ করেন এবং মাঠের ফাঁকা ছবির উল্লেখ করে কংগ্রেসের সমাগমের দাবিকে উড়িয়ে দেন। পাশাপাশি, ১৯৮৪ সালের রক্তক্ষয়ী শিখ দাঙ্গার স্মৃতি স্মরণ করিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অভিযোগ করেন, দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিরতা তৈরি করতে এবং নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে কংগ্রেস এই মিথ্যার রাজনীতি করছে।
