তারাতলায় গুদাম ভেঙে মৃত ৩, বাধা পেয়ে ঘটনাস্থল ছাড়লেন প্রাক্তন মেয়র ফিরহাদ! – এবেলা

এবেলা ডেস্কঃ
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ
বুধবার দুপুরে তারাতলায় একটি নির্মীয়মাণ তিনতলা গুদাম হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মারাত্মক বিপর্যয় ঘটে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রোহিত চৌধুরী ও কৃষ্ণ চৌধুরী-সহ মোট ৩ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৮ জনকে। ঘটনার পর থেকেই সেনা ও পুলিশ বাহিনীর অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। আহতদের দ্রুত গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য।
নেপথ্য কারণ ও প্রশাসনের তৎপরতা
জানা গিয়েছে, কলকাতা পুরসভা চলতি বছরের জানুয়ারিতে এই গুদাম তৈরির অনুমোদন দিয়েছিল, যে সময়ে মহানাগরিকের দায়িত্বে ছিলেন ফিরহাদ হাকিম। দুর্ঘটনার খবর পেয়ে প্রাক্তন মেয়র ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও পুলিশি বাধার কারণে তাঁকে মাঝরাস্তা থেকে ফিরে যেতে হয়। স্থানীয় কাউন্সিলরকে ঘিরে এর আগে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তাই এলাকায় যাতে নতুন করে কোনও অশান্তি বা উত্তেজনা তৈরি না হয় সেই কারণেই পুলিশ ফিরহাদ হাকিমকে ফিরে যাওয়ার অনুরোধ করে। এরপর তিনি এসএসকেএম হাসপাতালে আহতদের দেখতে যান। মাত্র পাঁচ মাসের মধ্যে এমন একটি নির্মীয়মাণ কাঠামো ভেঙে পড়ায় স্বাভাবিকভাবেই নির্মাণের গুণমান এবং ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই বিপর্যয়ের পর প্রশাসনের শীর্ষস্তর থেকে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং উদ্ধারকাজের তদারকি করেন। মোট ২০টি অ্যাম্বুল্যান্সের সাহায্যে উদ্ধারকাজ চলছে এবং ঘটনাস্থলে একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পও খোলা হয়েছে। এসএসকেএমে চিকিৎসাধীন ৮ জন শ্রমিকের দিকে কড়া নজর রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। পরিস্থিতির সার্বিক দিক খতিয়ে দেখতে আজ সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব।
