তৃণমূলের ৪৪০ কোটির ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, বিলিয়ে দেওয়ার দাবি বিজেপির! – এবেলা

তৃণমূলের ৪৪০ কোটির ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, বিলিয়ে দেওয়ার দাবি বিজেপির! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য রাজনীতিতে ফের বড়সড় ধাক্কা খেল শাসকদল। তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিল পুলিশ। জানা গিয়েছে, এই তিনটি অ্যাকাউন্টে জমা থাকা প্রায় ৪৪০ কোটি টাকা এখন আর কোনওভাবেই লেনদেন করা যাবে না। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, কাটমানি ও তোলাবাজির মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ জমিয়েছে তৃণমূল। তাই এই ৪৪০ কোটি টাকা অবিলম্বে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত।

তৃণমূল বিধায়কের অভিযোগ ও পুলিশের পদক্ষেপ

পুলিশ সূত্রে খবর, এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে খোদ এক তৃণমূল বিধায়কেরই চাঞ্চল্যকর অভিযোগ। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ওই বিধায়ক বিধাননগরের সাইবার ক্রাইম ব্র্যাঞ্চে অভিযোগ দায়ের করে জানান, তিনটি অ্যাকাউন্টে থাকা ওই বিপুল অর্থ বেআইনিভাবে প্রাপ্ত। দ্রুত পদক্ষেপ না নিলে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ লোপাট হয়ে যেতে পারে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এফআইআর রুজু করে এবং তদন্তের স্বার্থে অ্যাকাউন্টগুলি সম্পূর্ণ ফ্রিজ করার নির্দেশ দেয়। এর ফলে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত ওই তহবিল থেকে কোনও অর্থ তুলতে পারবেন না।

দলের অন্দরে কোন্দল ও সম্ভাব্য প্রভাব

অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ ফাটলকে আরও প্রকট করে তুলেছে। দলের বিদ্রোহী বিধায়কদের তীব্র নিশানা করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তুলেছেন, নির্বাচনের সময় এই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ভোটে লড়ার পর এখন কেন তাঁরা নীতিগত আপত্তি তুলছেন? বিদ্রোহী বিধায়কদের আক্রমণ করে তিনি বলেন, দলের টাকা ও প্রতীক নিয়ে ভোটে জেতার পর এখন সেই অ্যাকাউন্ট অবৈধ মনে হলে, তাঁদের নির্বাচন কেন আইনত বাতিল ঘোষণা করা হবে না। এই ঘটনা দলের জন্য একটি বড়সড় আর্থিক ধাক্কা। একদিকে তহবিলের অভাবে সাংগঠনিক কাজে যেমন জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, তেমনই দলের অন্দরে বিদ্রোহী বনাম অনুগামীদের এই দ্বন্দ্ব আগামী দিনে তৃণমূলের অন্দরে আরও বড় সংকট তৈরি করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *