নদীয়ায় ভোটের রণসজ্জা! ১৪১১ বুথে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী

নদীয়ায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলার মোট ৫ হাজার ১৩৬টি বুথের মধ্যে ১ হাজার ৪১১টি বুথকে ‘সুপার সেনসেটিভ’ বা অতি-স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মোট বুথের প্রায় ৩৬ শতাংশ। কৃষ্ণনগর ও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট মিলিয়ে এই বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথে ভোট লুণ্ঠন ও রাজনৈতিক হিংসা রুখতে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতীতের রাজনৈতিক সংঘাত, সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থান, জঙ্গি কার্যকলাপের ইতিহাস, অস্ত্র ও মাদক উদ্ধার এবং সাম্প্রদায়িক সংবেদনশীলতার মতো বিষয়গুলো বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে। এছাড়া ভোটার সংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতিটি বুথে ১২০০ জনের সীমাবদ্ধতা বজায় রাখতে জেলায় নতুন করে ৪৫০টি অক্সিলিয়ারি বুথ বাড়ানো হয়েছে। বিশেষ করে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে ৮৫৬টি এবং কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে ৫৫৫টি অতি-স্পর্শকাতর বুথ রয়েছে, যেখানে ভোটারদের আস্থা ফেরাতে ও ভোট পরবর্তী হিংসা ঠেকাতে ১০০ মিটারের ‘লক্ষ্মণ রেখা’ কঠোরভাবে বজায় রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
