নাগপুরের নাম বদলে ‘দীক্ষাভূমি’ করার প্রস্তাব সঞ্জয় রাউতের

দাদার মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের বিতর্কের মধ্যেই এবার নাগপুর শহরের নাম বদলে ‘দীক্ষাভূমি’ করার দাবি তুললেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ যদি এই প্রস্তাব আনেন, তবে তাঁর দল তাতে পূর্ণ সমর্থন জানাবে। ডঃ বাবাসাহেব আম্বেদকরের সামাজিক বিপ্লবের কেন্দ্রবিন্দু হিসেবে নাগপুরের ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখেই এই প্রস্তাব দিয়েছেন তিনি।
১৯৫৬ সালের ১৪ অক্টোবর নাগপুরের এই দীক্ষাভূমিতেই ডঃ আম্বেদকর লক্ষ লক্ষ অনুগামীর সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, যা ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। রাউতের মতে, এই ঐতিহাসিক প্রেক্ষাপটেই শহরের নাম পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। তিনি স্পষ্ট করেছেন যে, সরকার যদি এই ইস্যুতে কোনো পদক্ষেপ নেয়, তবে শিবসেনা সরকারের পাশে দাঁড়াবে।
অন্যদিকে, দাদার স্টেশনের নাম পরিবর্তনের প্রক্রিয়াও শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়েছেন, রাজ্য সরকার ইতিমধ্যে এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে আসন্ন শীতকালীন বিধানসভা অধিবেশনে আইনসভা কমিটির মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে দাদার স্টেশনের নাম পরিবর্তনের কাজ কার্যকর করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
