শিশুর ডিজিটাল ট্রমা রুখতে অভিভাবকদের করণীয়

শিশুর ডিজিটাল ট্রমা রুখতে অভিভাবকদের করণীয়

ইন্টারনেটে নিয়মিত হিংসাত্মক বা ঘৃণামূলক কনটেন্ট দেখার ফলে শিশুদের মনে পরোক্ষ মানসিক আঘাত বা ডিজিটাল ট্রমা তৈরি হতে পারে। এর প্রভাবে শিশুরা ভয়, উদ্বেগ ও একাকীত্বে ভুগতে পারে। অনলাইনে অন্যকে হেনস্থা হতে দেখে শিশুরা সেই আচরণকে স্বাভাবিক বলে মনে করতে শুরু করে, যা পরবর্তীকালে তাদের বাস্তব জীবনেও আক্রমণাত্মক আচরণের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সন্তান ইন্টারনেটে কী দেখছে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা অত্যন্ত জরুরি।

সন্তানের আচরণে হঠাৎ কোনো পরিবর্তন লক্ষ্য করলে তা অবহেলা করা উচিত নয়। দীর্ঘদিনের মন খারাপ, ঘুমের সমস্যা, বন্ধুদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া বা পড়াশোনায় হঠাৎ অবনতি ডিজিটাল ট্রমার লক্ষণ হতে পারে। সন্তানকে সরাসরি জেরা না করে বন্ধুর মতো কথা বলুন এবং তার অভিজ্ঞতার কথা শুনুন। প্রয়োজনে শিক্ষক বা স্কুলের কাউন্সেলরের সাহায্য নিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শিশু মনোবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন।

মোবাইলের আসক্তি কমাতে পরিবারের সবাইকে নিয়ে কিছু নিয়ম মেনে চলা জরুরি। রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোন নির্দিষ্ট জায়গায় রাখা এবং দিনের একটি নির্দিষ্ট সময় ফোন ছাড়া কাটানো অভ্যাস করুন। সন্তানকে ইন্টারনেট থেকে পুরোপুরি দূরে রাখা সম্ভব নয়, তাই এমন পরিবেশ তৈরি করুন যাতে কোনো খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হলে সে নির্ভয়ে আপনার সঙ্গে তা ভাগ করে নিতে পারে। মোবাইল ব্যবহারের ওপর নজর রাখার পাশাপাশি সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই সবচেয়ে কার্যকর উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *