পরিচারিকা ‘কালাজাদু’ করত! এই সন্দেহে ব্যাট দিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুন করলেন দিল্লির নামী চিকিৎসক – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: দিল্লির এক অভিজাত এলাকায় ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। এক ৪৫ বছর বয়সী পরিচারিকাকে নৃশংসভাবে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পেশায় চিকিৎসক মণীশ গুপ্তকে। দিল্লির মাউন্ট কৈলাশ এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
বৃহস্পতিবার সকালে ওই চিকিৎসকের বাড়ির ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় পরিচারিকা মীনার নিথর দেহ। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন দেখা যায় মৃতদেহের পাশেই চুপচাপ বসে রয়েছেন অভিযুক্ত চিকিৎসক মণীশ।
ব্যাট দিয়ে পিটিয়ে ও ছুরি মেরে খুন:
পুলিশি জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করেছেন ওই চিকিৎসক। তাঁর দাবি, পরিচারিকা মীনা নাকি তাঁর ওপর ‘কালাজাদু’ বা ব্ল্যাক ম্যাজিক করতেন! আর সেই সন্দেহ থেকেই রাগের মাথায় এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। মণীশ পুলিশকে জানান, প্রথমে তিনি একটি ক্রিকেট ব্যাট দিয়ে মীনাকে সজোরে আঘাত করেন এবং পরে ছুরি দিয়ে কোপ মেরে তাঁর মৃত্যু নিশ্চিত করেন।
অভিজাত এলাকার এক চিকিৎসকের এমন অন্ধবিশ্বাস ও নৃশংসতার খবর ছড়িয়ে পড়তেই গোটা দিল্লিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্ত চিকিৎসককে হেফাজতে নিয়ে ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে।
