পাকিস্তানকে হারাতে না পারায় আক্ষেপ তিলক বর্মার

পাকিস্তান এ দলের বিরুদ্ধে ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত এ দল ২৬৫ রানে অলআউট হয়ে যায়। এই ম্যাচে অপরাজিত শতরান করেও দলকে জেতাতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন তিলক বর্মা।
মাত্র ১২৯ রানে ৬ উইকেট হারানোর পর তিলক ও শাহবাজ আহমেদ সপ্তম উইকেটে ১১২ রান যোগ করে দলকে লড়াইয়ে ফেরান। শাহবাজ ৪১ বলে ৫৬ রান করেন এবং তিলক ১৪৯ বলে ১০০ রানে অপরাজিত থাকেন।
ম্যাচ শেষে তিলক জানান, অভিষেক শর্মার ৪২ বলে ৭০ রানের ইনিংস ভালো ভিত্তি দিলেও মিডল অর্ডারে ধস নামে। তার মতে, ইনিংসের শুরুতে পাকিস্তানের পেসাররা ভালো বল করলেও মাঝের ওভারে পরপর উইকেট হারানোই হারের মূল কারণ। শাহবাজ আরও কিছুক্ষণ ক্রিজে থাকলে ম্যাচ জেতা সম্ভব হত বলে তিনি মনে করেন। ব্যক্তিগত শতরানের চেয়ে দলের জয়কেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন এবং দলকে জেতাতে না পারলে এই ইনিংসকে সেরা বলতে নারাজ। কঠিন সময়ে নেতৃত্ব দিতে তিনি সবসময় প্রস্তুত বলেও জানান।
