“পুলিশ এখন দলদাস”: শেক্সপিয়র সরণী থানা থেকে বেরিয়েই শুভেন্দুর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ
ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে পুলিশ ও তৃণমূল কর্মীদের সংঘর্ষের ঘটনায় ৫ ঘণ্টারও বেশি সময় ধরে জেরার মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেক্সপিয়র সরণী থানা থেকে বেরিয়েই তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় ক্ষোভ উগরে দেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের সোজাসাপ্টা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল নেতাকর্মীদের ওপর অন্যায় অত্যাচার ও হেনস্তা চালানো হচ্ছে। এমনকি পুলিশ প্রশাসন এখন পুরোপুরি ‘দলদাসে’ পরিণত হয়েছে বলেও তিনি দাবি করেন।
ফায়ার অডিট নিয়ে রাজ্যকে তীব্র আক্রমণ: রাজ্যের অগ্নি-নির্বাপক ব্যবস্থার নিষ্ক্রিয়তা তুলে ধরে ফায়ার অডিট নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর দাবি, এই সচেতনতা যদি আগে দেখা যেত, তবে তারাপীঠ বা মির্জা গালিব স্ট্রিটের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হতো। আলিপুরের প্রশাসনিক ভবনে আগুন লেগে ব্যালট ও কন্ট্রোল ইউনিট পুড়ে যাওয়ার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি কটাক্ষ করেন, “তখন কেন এই ফায়ার অডিট করা হয়নি?”
মিথ্যা মামলা ও শ্লীলতাহানির পাল্টা জবাব: দলীয় কর্মীদের পুলিশি হেফাজতে নির্যাতন ও নিয়ম না মেনে গ্রেফতারির অভিযোগ তুলে তিনি জানান, মহিলা পুলিশকর্মীদের ওপর শ্লীলতাহানির যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। অভিষেকের দাবি, পুলিশ নিজেই তৃণমূল কর্মীদের ওপর বলপ্রয়োগ করে সিঁড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়েছে, যার সিসিটিভি ফুটেজ ও ভিডিও তাঁদের কাছে রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ের সামনে একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও পুরকর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ঝামেলা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা একাধিক মামলার সত্যতা জানতেই তাঁকে থানায় তলব করা হয়েছিল।
