পেটে ১৮ ইঞ্চি সেলাই, বাঁচার আকুতি কি বিফলে যাবে নাফিসার!

২০১৮ সালে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়া প্রবীণ অভিনেত্রী নাফিসা আলি ফের অস্ত্রোপচারের মুখোমুখি হয়েছেন। চিকিৎসকের গাফিলতিতে রোগ নির্ণয়ে বিলম্বের অভিযোগ তোলা এই অভিনেত্রী জানিয়েছেন, সাম্প্রতিক এই অস্ত্রোপচারের ফলে তাঁর পাকস্থলিতে ১৮ ইঞ্চি লম্বা সেলাই দেওয়া হয়েছে। দীর্ঘ আট বছর ধরে চলা এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার মধ্যেও তিনি নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখার চেষ্টা করছেন বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন।
নাফিসা আলির শেয়ার করা অস্ত্রোপচারের এই ছবি দেখে তাঁর অনুরাগী ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগেও ক্যান্সারের চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপির ফলে চুল পড়ে যাওয়ার মতো শারীরিক পরিবর্তনের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন। ‘জুনুন’, ‘মেজর সাব’ ও ‘লাইফ ইন এ মেট্রো’-র মতো জনপ্রিয় চলচ্চিত্রের অভিনেত্রী নাফিসার এই লড়াকু মানসিকতাকে বলিউড অভিনেত্রী রোজলিন খানসহ অনেকেই অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেছেন।
