বদল আসছে বাংলার শিক্ষা ব্যবস্থায়, মুখ্যমন্ত্রী শুভেন্দুর নজিরবিহীন উদ্যোগে খুশির হাওয়া – এবেলা
July 14, 2026

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের শিক্ষা পরিকাঠামোয় এক ঐতিহাসিক পরিবর্তনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের ৮১ হাজার বিদ্যালয়কে বিশ্বমানের করে তোলার লক্ষ্য নিয়ে সল্টলেকের বিকাশ ভবনে এক উচ্চপর্যায়ের বৈঠক করলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী এবং শীর্ষপদস্থ সরকারি আধিকারিকরা। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যে জাতীয় শিক্ষানীতি (NEP) কার্যকর করার প্রক্রিয়া আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী ঘোষিত উল্লেখযোগ্য পরিবর্তনগুলি হলো:
- মিড ডে মিলে আধুনিকতা: স্কুলের রান্নাঘরে কাঠ বা কয়লার উনুনের বদলে এবার থেকে ব্যবহৃত হবে এলপিজি গ্যাস সিলিন্ডার। এর ফলে রান্নার মান উন্নত হবে এবং স্কুল চত্বর দূষণমুক্ত থাকবে।
- বিশুদ্ধ পানীয় জল: পড়ুয়াদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রতিটি সরকারি বিদ্যালয়ে বসানো হবে অত্যাধুনিক ওয়াটার পিউরিফায়ার বা অ্যাকোয়া গার্ড।
- সৌরশক্তির ব্যবহার: বিদ্যুৎ বিভ্রাট কমাতে এবং সাশ্রয়ী শক্তির প্রসারে প্রতিটি স্কুলে ধাপে ধাপে সোলার প্যানেল বসানো হবে।
- শিক্ষায় স্বচ্ছতা: শিক্ষাকে বাণিজ্যমুক্ত করে এর প্রতিটি স্তরে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক মহলের মতে, আধুনিক পরিকাঠামো গড়ে তোলার এই পদক্ষেপ রাজ্যের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
