বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, পাতে থাকছে কী বিশেষ চমক! – এবেলা

এবেলা ডেস্কঃ
বুধবার বিভিন্ন প্রশাসনিক সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বালুরঘাট সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটি তাঁর প্রথম বালুরঘাট সফর। এই সফরে ব্যস্ত কর্মসূচির মাঝে কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। সুকান্ত মজুমদারের ব্যক্তিগত আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর এই বাসভবনে যাওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বিশেষভাবে চর্চিত হচ্ছে। আত্মীয়তার আবহে এই মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মাছে-ভাতে বাঙালির খাদ্যাভ্যাসকে প্রাধান্য দিয়ে মধ্যাহ্নভোজের মেনুতে রাখা হয়েছে বিশেষ চমক। সুকান্ত মজুমদারের বাড়িতে মুখ্যমন্ত্রীর পাতে পরিবেশন করা হবে স্থানীয় ছোট ও সুস্বাদু মিষ্টি জলের মাছ রাইখোর বা রাইখয়রা এবং জনপ্রিয় ইলিশ মাছ। এদিকে বালুরঘাট ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে এই সফর রাজনৈতিক ও প্রশাসনিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
