বোরখা মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, মহুয়ার বিরুদ্ধে থানায় বিজেপি নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে ফের বড়সড় বিতর্কে জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার তাঁর বিরুদ্ধে হিন্দু ও মুসলিম, উভয় সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে নদীয়ার হোগলবেড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির করিমপুর মণ্ডল-৪ এর সাধারণ সম্পাদক হীরক ভট্টাচার্য।
বিতর্কের সূত্রপাত ও পুলিশে অভিযোগ
সম্প্রতি আদালত চত্বরে বিজেপির একদল মহিলা কর্মীর ডিম হাতে দাঁড়িয়ে থাকার একটি ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মহুয়া মৈত্র। অভিযোগ, ওই পোস্টে সরাসরি কয়েকজন হিন্দু মহিলার নাম উল্লেখ করে তাঁদের ‘বোরখা’ পরার নিদান দেন তিনি। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এর জেরেই হোগলবেড়িয়া থানার দ্বারস্থ হন স্থানীয় বিজেপি নেতৃত্ব। মহুয়ার এই মন্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক এবং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা বলে দাবি করেছেন অভিযোগকারী হীরক ভট্টাচার্য। তাঁর মতে, হিন্দু সনাতনী মহিলাদের বোরখা পরার কথা বলা যেমন সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত, তেমনই মুসলমান সম্প্রদায়ের মহিলাদের পোশাকের গুরুত্বকে খাটো করাও অত্যন্ত অপমানজনক।
তদন্তে সাইবার ক্রাইম শাখা
এই আইনি পদক্ষেপের পর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, হোগলবেড়িয়া থানা পুলিশ জানিয়েছে যে তারা এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ গ্রহণ করেছে। ঘটনার সংবেদনশীলতা এবং সোশ্যাল মিডিয়া পোস্টের সত্যতা যাচাইয়ের জন্য পুরো বিষয়টি পুলিশের ‘সাইবার ক্রাইম উইং’-এর কাছে পাঠানো হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখার পরেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
