যুদ্ধ নয়, এবার নজর মহাকাশে! UFO নিয়ে গোপন নথি প্রকাশের নির্দেশ ট্রাম্পের

ভিনগ্রহী এবং অজ্ঞাত আকাশযান (UFO) সংক্রান্ত অত্যন্ত গোপন ও ‘আশ্চর্যজনক’ নথি জনসমক্ষে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেই এই ঘোষণা বিশ্বজুড়ে তীব্র কৌতূহল সৃষ্টি করেছে। এই নির্দেশের প্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোকে মহাজাগতিক সংক্রান্ত যাবতীয় তথ্য দ্রুত একত্রিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে, আমেরিকা ইউএফও এবং আকাশপথে ঘটা অস্বাভাবিক ঘটনাগুলোর (UAP) তথ্য সাধারণ মানুষের আড়ালে রেখে এসেছে। ট্রাম্পের দাবি, জনগণের জানার অধিকারকে গুরুত্ব দিয়েই এই স্বচ্ছতার পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার এরিয়া-৫১ সংক্রান্ত মন্তব্যের পর বর্তমান প্রশাসনের এই তৎপরতা বিশ্ব রাজনীতি ও বিজ্ঞানের মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই নির্দেশের ফলে কয়েক দশকের পুরনো সামরিক নথি ও মহাকাশ গবেষণার অপ্রকাশিত তথ্য সামনে আসতে পারে, যা জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
