শিবানী মায়ের ৬০তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ ভোগ, জেনে নিন আয়োজনের খুঁটিনাটি!

এবেলা ডেস্কঃ
৬০ বছরে পদার্পণ শিবানী পীঠের: সেজে উঠেছে মায়ের মন্দির
নিজস্ব প্রতিবেদক: ভক্তি ও আড়ম্বরের মধ্য দিয়ে ৬০তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে রাজ্যের অন্যতম জাগ্রত মন্দির ‘শিবানী পীঠ’-এর। এই বিশেষ উপলক্ষকে ঘিরে আলোকমালায় সেজে উঠেছে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকা।
মন্দির সূত্রে জানা যায়, সম্পূর্ণ নিম কাঠের তৈরি শ্রীমন্ত ভাস্করের হাতে গড়া মায়ের এই কৃষ্ণবর্ণ কালিকা মূর্তির প্রতিষ্ঠাতার নাম দুর্গাদাস ভট্টাচার্য। ১৯৬৬ সালে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি রয়েছে, পরিবারের সদস্য নিরুপমাদেবী তিনবার স্বপ্নাদেশ পেয়েছিলেন। এর মধ্যে একটি স্বপ্নাদেশে পঞ্চাননতলার পুকুরে মায়ের ঘট থাকার কথা জানা যায়, যা পরবর্তীকালে মন্দিরে স্থাপন করা হয়।
মায়ের নাম ‘শিবানী’ হওয়ার পেছনেও রয়েছে অলৌকিক পটভূমি। লোকবিশ্বাস অনুযায়ী, মা জগন্মাতা স্বয়ং স্বপ্নাদেশে দুর্গাদাসকে এই নাম রাখার নির্দেশ দিয়েছিলেন। সেই থেকে ভবানীর পরিবর্তে তিনি ‘মা শিবানী’ হিসেবেই পূজিতা হয়ে আসছেন। মায়ের এই দারুময় মূর্তিটি শ্যামাপূজার আগের দিন ভাস্কর নিরুপমাদেবীর হাতে তুলে দিয়েছিলেন এবং নির্দেশ অনুযায়ী তিনি তা দুর্গাদাসের হাতে অর্পণ করেন।
প্রতি শনি ও মঙ্গলবার শিবানী পীঠের মন্দিরে বিশেষ ‘শান্তির জল’ প্রদানের প্রথা রয়েছে। দূর-দূরান্ত থেকে ভক্তরা মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে ছুটে আসেন। বিশেষ এই জন্মবার্ষিকী উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্য ফাল্গুনী ভট্টাচার্য। তাঁর কথায়, “মায়ের প্রতি অটল বিশ্বাস নিয়ে হাজার হাজার মানুষ এখানে ভিড় করেন। মায়ের কাছে যা চাওয়া হয়, মা তা-ই পূর্ণ করেন।” বর্তমানে পুজোর দিনগুলোতে মায়ের টানে ভক্তদের ঢল নামে এই পুণ্যতীর্থে।
