সন্ত্রাস ও সিন্ধু জলচুক্তির প্রশ্নে দিল্লিতে চরম অস্বস্তিতে পাক মন্ত্রী, সুর নরম করে এড়ালেন জবাব

সন্ত্রাস ও সিন্ধু জলচুক্তির প্রশ্নে দিল্লিতে চরম অস্বস্তিতে পাক মন্ত্রী, সুর নরম করে এড়ালেন জবাব

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) বৈঠকে যোগ দিতে ভারতে এসে সন্ত্রাসবাদ ও সিন্ধু জলচুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে চরম অস্বস্তিতে পড়লেন পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। পহেলগাঁও জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরের পর সিন্ধু জলচুক্তি বাতিল করে ভারত নিজের অবস্থানে অনড় রয়েছে। রবিবার এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুর নরম করে মালিক জবাব এড়িয়ে বলেন, “প্রথমে সহজ বিষয়গুলি নিয়ে আলোচনা করা যাক, তারপর জরুরি বিষয় দেখা যাবে।” এটি কোনো দ্বিপাক্ষিক সফর নয়, বরং একটি বহুপাক্ষিক সভ্যতার সংলাপ বলে দাবি করে তিনি আঞ্চলিক শান্তি ও দারিদ্র্য দূরীকরণের ওপর জোর দেন।

এদিকে, পাক মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অতীতে সিন্ধু চুক্তি নিয়ে কড়া হুমকি দেওয়া নেতাকে দিল্লিতে অভ্যর্থনা জানানোয় সরব হয়েছেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে। পালটা জবাবে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পাকিস্তানকে কোনো বিশেষ আমন্ত্রণ দেওয়া হয়নি এবং সন্ত্রাস চললে কোনো দ্বিপাক্ষিক সংলাপ হবে না। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়ালও নিশ্চিত করেছেন, পাক মন্ত্রীর সঙ্গে কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *