২৬/১১-র ধাঁচে হামলার ছক, ৩০০ প্রাণহানির হুমকি! লস্করের নামে ইমেল ঘিরে হায়দরাবাদে হাই অ্যালার্ট

২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার ধাঁচে ফের বড়সড় নাশকতার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদে। রবিবার লস্কর-ই-তৈবার নামে আসা একটি হুমকি ইমেলে নিজেকে ওই সংগঠনের সদস্য বলে দাবি করেছে প্রেরক। হায়দরাবাদের কাচিগুড়ার ‘হোটেল টুরিস্ট প্লাজা’ ও ‘কাচিগুড়া রেলওয়ে স্টেশনে’ বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ৩০০ জনকে হত্যার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গত ১৮ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুলগামের জঙ্গলপোরায় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত লস্কর জঙ্গি লতিফ ভাট ও তার সহযোগীদের মৃত্যুর বদলা নিতেই এই হামলার ছক বলে ইমেলে উল্লেখ করা হয়েছে। হায়দরাবাদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের যুগ্ম কমিশনারের সতর্কবার্তার পর শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
হুমকি ইমেল পাওয়ার পরই নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছে প্রশাসন। কাচিগুড়া রেল স্টেশন ও হোটেল ট্যিস্ট প্লাজার পাশাপাশি শহরের সব জনবহুল এলাকা, হোটেল, রেল স্টেশন, বাস টার্মিনাল, ধর্মীয় স্থান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে অবিলম্বে কড়া নিরাপত্তা ও আগাম নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের। সন্দেহজনক ব্যক্তি, পরিত্যক্ত বস্তু ও যানবাহনের গতিবিধির ওপর কড়া নজর রাখার পাশাপাশি পর্যাপ্ত পুলিশি টহল, নাশকতা-বিরোধী তল্লাশি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে।
