১২০০ টাকার আইপিএল টিকিট ১৯ হাজার, চিন্নাস্বামী স্টেডিয়ামে ভয়াবহ কালোবাজারি!

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের টিকিট কালোবাজারির অভিযোগে এক ক্যান্টিন কর্মীকে গ্রেফতার করেছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। ধৃত ব্যক্তির নাম পি. চন্দ্রশেখর। তার বিরুদ্ধে মাত্র ১,২০০ টাকা মূল্যের টিকিট ১৫ থেকে ১৯ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে। স্টেডিয়ামের ভেতরে বসেই এই চক্রটি চালানো হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অভিযানে আরসিবি বনাম এসআরএইচ এবং আরসিবি বনাম এলএসজি ম্যাচের ১৮০টিরও বেশি টিকিট উদ্ধার করা হয়েছে।
তদন্তে জানা গেছে, এই কর্মকাণ্ডে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) সদস্য গণেশ হরিকেশের যোগসূত্র রয়েছে। অভিযুক্ত ক্যান্টিন কর্মীর স্বীকারোক্তি অনুযায়ী, হরিকেশই তাকে বিপুল পরিমাণ টিকিট সরবরাহ করতেন। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে পুলিশ। আইপিএল টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগে শহরে এ পর্যন্ত ১০টি মামলা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ দর্শকদের শুধুমাত্র অনুমোদিত উৎস থেকে টিকিট কেনার পরামর্শ দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
