১৫ জুন থেকে ব্লকে ব্লকে মেগা ক্যাম্প! দুয়ারে আসছে শুভেন্দু সরকারের প্রথম বড় ধামাকা – এবেলা
.jpeg.webp)
এবেলা ডেস্কঃ
কলকাতা: বাংলায় জমানা বদলেছে, বদলেছে শাসকদলও। তবে আমজনতার দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার চেনা ‘মডেল’ থেকে সরছে না নতুন সরকার। তৃণমূল জমানার ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ধাঁচেই এবার ব্লক স্তরে বিশেষ মেগা শিবিরের আয়োজন করতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই বিশেষ ক্যাম্প।
নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দুর এটাই হতে চলেছে প্রথম এত বড় স্তরের জনসংযোগ বা আউটরিচ কর্মসূচি। নতুন সরকারের নতুন প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মনে কৌতুহলের শেষ নেই। তবে ফর্ম ফিলাপ এবং প্রকল্পের বিস্তারিত জানার ক্ষেত্রে মাঝেমধ্যেই সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। সেই সমস্যার স্থায়ী সমাধান করতেই সরকারের এই মাস্টারস্ট্রোক।
কী কী সুবিধা মিলবে এই মেগা ক্যাম্পে?
তিন দিনের এই বিশেষ কর্মসূচিতে এক ছাতার তলায় মিলবে রাজ্য ও কেন্দ্রের সমস্ত সরকারি সুযোগ-সুবিধা:
- নতুন সরকারি প্রকল্প: অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে।
- নথিপত্র সংশোধন: ভোটার কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় নথিতে কোনও ভুল থাকলে তা অনায়াসে ঠিক করার ব্যবস্থা থাকবে এই শিবিরে।
- অভিযোগ ও সমাধান: কোনও সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে, সরাসরি ক্যাম্পে এসে আধিকারিকদের কাছে অভিযোগ জানানো যাবে।
শুভেন্দু সরকারের প্রথম বড় পরীক্ষা!
রাজনৈতিক মহলের মতে, বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর এটাই যোগী বা মোদী মডেলের আদলে শুভেন্দু সরকারের প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং প্রশাসনকে একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই তিন দিনের ‘মেগা ড্রাইভ’। তথ্যের অভাব বা আমলাতান্ত্রিক জটিলতায় যেন কোনও যোগ্য মানুষ সরকারি অনুদান থেকে বঞ্চিত না হন, তার জন্য জেলা প্রশাসনগুলোকে এখন থেকেই কোমর বেঁধে নামার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
