পার্ক সার্কাসে আইনজীবীকে বেধড়ক মারধর, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি!

এবেলা ডেস্কঃ
শপিং মলের পার্কিংয়ে আইনজীবীকে মারধর, গ্রেপ্তার অভিযুক্ত
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: পার্কিংয়ে বাইক বের করাকে কেন্দ্র করে বচসার জেরে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠল সাদ্দাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কড়েয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় শহরের একটি শপিং মলের পার্কিংয়ে ভিকি নামে এক আইনজীবীর বাইক বের করার সময় পাশেই রাখা সাদ্দামের গাড়িতে সামান্য ঘষা লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাদ্দাম ওই আইনজীবীকে প্রথমে ঘুষি মারে। এরপর হেলমেট এবং পরবর্তীতে কাছেই থাকা একটি লোহার রড দিয়ে আইনজীবীর মাথায় আঘাত করে। শপিং মলের সামনে জনবহুল এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
ঘটনার পর অভিযুক্ত সাদ্দাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত আইনজীবী প্রথমে স্থানীয় সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। পরবর্তীতে তিনি অসুস্থ বোধ করায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার পর রাতেই কড়েয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে মারধরসহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
