কালীঘাট কাণ্ডে নড়েচড়ে বসল লালবাজার, ঘটনাস্থলে ধৃতদের নিয়ে চলল পুনর্নির্মাণ!

কালীঘাট কাণ্ডে নড়েচড়ে বসল লালবাজার, ঘটনাস্থলে ধৃতদের নিয়ে চলল পুনর্নির্মাণ!

এবেলা ডেস্কঃ

 

কালীঘাট কাণ্ডের তদন্তভার গোয়েন্দা বিভাগে, ঘটনাস্থলে অভিযুক্তদের নিয়ে পুনর্নির্মাণ পুলিশের

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কালীঘাটে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে হওয়া সংঘর্ষ ও বিশৃঙ্খলার তদন্তভার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় ধৃত তিন ব্যক্তিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাল পুলিশ।

গত শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের কর্মসূচি ঘিরে কালীঘাটে উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি মামলা রুজু হয়েছে। এর মধ্যে দুটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা, একটি গুড়িয়া হরি নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে এবং অপরটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছে।

এই ঘটনায় এ পর্যন্ত মহম্মদ তৌকির আলম, মহম্মদ এরশাদ এবং শ্রীদীপ দাস নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। কালীঘাট তৃণমূলের দাবি, ধৃতেরা তাদের দলের কর্মী। এর মধ্যে শ্রীদীপকে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় এবং অপর দুজনকে গুড়িয়া হরির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তবে অভিষেকের করা অভিযোগের ভিত্তিতে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

গত রবিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাঁদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে কড়া পুলিশি প্রহরায় ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করানো হয়। উল্লেখ্য, শুক্রবার রাতের ওই ঘটনায় কার্যালয় ভাঙচুর এবং ইট ছোড়াছুড়ির মতো অভিযোগও সামনে এসেছে। বিষয়টি নিয়ে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে, যা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *